বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন বলেছেন, ২০১৪ সালের মতো দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না। সরকারের অত্যাচার নির্যাতনে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণ এবার জেগে উঠলে কোন বাধা মানবে না। আওয়ামী লীগের সাথে সকল ফয়সালা রাজপথে করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তবে তা হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আর এ জন্য যা যা করার দরকার বিএনপি তাই করবে। নির্বাচনকালীন সহায়ক সরকারের ইস্যুতে সরকার আপষে না আসলে রাজপথ উত্তপ্ত হবে বলে মন্তব্য করেন।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঘুরে দাঁড়াও বাংলাদেশ আয়োজিত ‘দ্রুত বিচার আইনে শাস্তি বৃদ্ধির রাজনৈতিক উদ্দেশ্য এবং জনমনে আশংকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মাহবুব দ্রুত বিচার আইন প্রসঙ্গে বলেন, দ্রুত বিচার আইন নতুন নয়। ২০০২ সালে অপরাধ সামাল দিতে বিএনপি দ্রুত বিচার আইন করে। সেই সময় আওয়ামী লীগ এই আইনকে কাল আইন আখ্যা দিয়ে সংসদ ত্যাগ করেছিল। আর আজ তারা সেই আইনের মেয়াদ বাড়িয়েছে। আওয়ামী লীগ কারো কথা ভেবে নয় নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে থাকে।
দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, সন্ত্রাস দমনের এই আইন অবৈধ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বর্তমানে ব্যবহার করছে। তবে বিএনপি নেতাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাদের এই আইনের ভয় দেখিয়ে কোন লাভ নেই।