বিএনপিকে সরকার ধর্মীয় আচার-অনুষ্ঠানও করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, পুলিশ আর আওয়ামী লীগ মিলেমিশে একাকার হয়ে গেছে। পুলিশ এখন আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করছে। রিজভীর অভিযোগ, দেশের বিভিন্ন জায়গায় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলের অনুমতি দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ চড়াও হচ্ছে।
গত বৃহস্পতিবার বাগেরহাটের ফকিরহাট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোদাচ্ছেরসহ ছয়জনকে ইফতার মাহফিলে যোগ দিতে যাবার সময় পুলিশ গ্রেপ্তার করে। নাটোর জেলা বিএনপিকে ইফতার মাহফিলের অনুমতি দেওয়া হচ্ছে না।
রিজভী অভিযোগ করেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা তিনটি মাইক্রোবাস নিয়ে বাড়ী ঘেরাও করে নরসিংদী জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ও তাঁর খালাতো ভাই ওয়াজিউল্লাহকে তুলে নিয়ে যায়। এর পর থেকে কোথাও তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ ও ডিবি পুলিশ তাদের গ্রেপ্তারের কথা স্বীকার করছে না। তিনি এই দুজনকে জনসম্মুখে হাজির ও তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।