সরকার সিইসির মতো লোক চাচ্ছে : রিজভী

0

সরকার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ নিয়ে জনমনে শঙ্কার সৃষ্টি হয়েছে। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ন্যাপের এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

রিজভী অভিযোগ করেন, সরকার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি কে এম নুরুল হুদা) মতো লোক চাচ্ছে। হুদা সাহেবের মতো লোক দরকার তাদের। প্রধান বিচারপতি হিসেবে এমন লোক না পেয়ে তারা ক্ষুব্ধ। তাই তাঁকে সরিয়ে দেওয়ার পাঁয়তারা করছে।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, স্বাধীন সত্তা নিয়ে যদি কেউ থাকে, তাঁকে তারা সহ্য করতে পারে না। সমাজের আজ যে ভয়াবহ প্রতিচ্ছবি, তা ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে এসেছে। এখানেই তাদের আপত্তি। রায়ে দুঃশাসনের কথা উঠে এসেছে, এটাই তাদের মনে যন্ত্রণা দিচ্ছে। এ জন্যই আজ তারা প্রধান বিচারপতির পদত্যাগ চাইছে।

রিজভী বলেন, আওয়ামী লীগ প্রথমে জনগণের ভোটের অধিকার গুম করেছে। পরে বিরোধী দলের নেতাদের গুম করে, ভয়ভীতি দেখিয়ে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বন্দুকের জোরে ক্ষমতায় আছে। এখন প্রধানমন্ত্রী সরে গেলেই জনগণ শান্তি পাবে। কিন্তু তিনি জনগণের মনের কথা উপলব্ধি করতে পারছেন না।

বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.