ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে সৈকতের জেটস্কি চালকরা। আজ বুধবার সকাল ১০টার দিকে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন সমুদ্রে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া বোটটির মালিক কক্সবাজার শহরের সিটি কলেজ এলাকার কাসেম। উদ্ধার হওয়া জেলেদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
উদ্ধারকারী জেটস্কি চালক মো. আবছার মিয়া জানান, প্রবল ঢেউয়ের কবলে পড়ে বোটটি ডুবে যায়। তা দেখতে পেয়ে মো. হোসেন নামে আরেক জেটস্কি চালককে নিয়ে তিনি ডুবে যাওয়া জেলেদের উদ্ধারে এগিয়ে যান। ততক্ষণে ট্যুরিস্ট পুলিশের একটি টিমও উদ্ধারকাজে অংশ নেয়। বেশ কিছুক্ষণ প্রচেষ্টা চালিয়ে বোটের ৮ জেলেকেই উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা।
ট্যুরিস্ট পুলিশের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, ট্রলারটি গভীর সাগরে মাছ ধরতে যাওয়ার পথে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশের টিম ও দুজন জেটস্কি চালক ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করেন।