বিজয় কুমার, সাঘাটা (গাইবান্ধা)থেকেঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ফলিয়া গ্রামে তালাকের ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়া গ্রামের আব্দুস সবুরের পুত্র আব্দুল বাকী’র সাথে একই গ্রামের জাহিদুলের কন্যা জেসমিনের ১ বৎসর পূর্বে বিবাহের রেজিষ্ট্রি করা হয় কিন্তু বিয়ে পড়ানো হয়নি। এমতাবস্থায় মেয়ে জেসমিন আক্তার বিয়ে করবে না বলে তার পিতাকে জানায়। এরপর আব্দুস সবুরের সঙ্গে জাহিদুুলের মধ্যে মিমাংসার জন্য গত শুক্রবার এক শালিশ বৈঠক বসে।
উক্ত শালিশ বৈঠকে মেয়ের দেনমোহরানার টাকা আব্দুল বাকী পরিশোধ করে। এ ঘটনার জের ধরে পূনরায় গত শনিবার পরিকল্পিত ভাবে সবুরের বাড়ীতে জাহিদুলের লোকজন হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। হামলার ঘটনায় সবুর ও স্বপন বাঁধা দিলে তাদেরকে বেদম মারপিট করে। পরে স্থানীয় প্রতিবেশী লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করানো হয়। এব্যাপারে জাহিদুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
লুটপাটের ঘটনায় ওই পরিবারের নগদ টাকা সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। এমন অভিযোগের প্রেক্ষিতে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।