সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি জঙ্গিমুক্ত করা হবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী

0

সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তার দেশের প্রতি ইঞ্চি ভূমি জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করা হবে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত পুরো দেশ জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত সন্ত্রাস বিরোধী লড়াই চালিয়ে যাবে সিরিয়ার সেনাবাহিনী।

লেবাননের আল-মানার টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রত্যয় জানান। ফয়সাল মিকদাদ বলেন, সিরিয়ার সেনাবাহিনীর নিজের সক্ষমতা ও শক্তিমত্তার প্রতি পূর্ণ আস্থা রয়েছে এবং তারা চলমান সহিংসতা শেষে দেশের প্রতিটি স্থান পুনরুদ্ধার করবে।

সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের প্রতিটি অলি-গলি জঙ্গিমুক্ত হতে আর বেশি দেরি নেই। চূড়ান্ত বিজয়ের পর সিরিয়ার জনগণ বিশ্বের বুকে আবার আগের মতো মাথা উচু করে দাঁড়াতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিরিয়ার সেনাবাহিনী গত আট বছরের যুদ্ধ শেষে বর্তমানে দেশের প্রায় পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এক সময় সিরিয়ার অর্ধেকেরও বেশি ভূমি জঙ্গিদের দখলে চলে গেলেও এই মুহূর্তে দেশটির মাত্র ১১ শতাংশ ভূমির ওপর জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকার এসব ভূমি অচিরেই পুনরুদ্ধার করার পরিকল্পনা নিয়েছে দেশটির সেনাবাহিনী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.