হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে মেরামত করা হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ-ইমামগঞ্জ সড়ক। রাবিশ ইটের খোয়া ও মাটি মিশানো বালু দিয়ে চলছে মেরামত কাজ। কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছেন।
রংপুর বিভাগ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে ৩.৬ কিলোমিটার দের্ঘ্য মীরগঞ্জ-ইমামগঞ্জ সড়ক মেরামতের জন্য উপজেলা প্রকৌশলী অধিদপ্তর দরপত্র আহবান করেন। অভিযাত্রী কন্সট্রাকশনের একটি ঠিকাদার প্রতিষ্ঠান ১ কোটি টাকা বরাদ্দে রাস্তা মেরামতের কাজটি ৮৪ লক্ষ ৫৮ হাজার টাকায় সম্পন্ন করার জন্য চুক্তি করে। গেল বছরে নভেম্বর মাসে কাজটি চুক্তি করলেও মেরামত কাজ শুরু করেন চলতি বছর। শম্ভুক গতিতে চলতে থাকে রাস্তার কাজ। রাবিশ জাতীয় খোয়া দিয়ে মেরামত কাজ করা হচ্ছে। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে এলাকাবাসির বাক্বিতন্ডা শুরু হয়। একপর্যায় এলাকাবাসি মেরামত কাজ বন্ধ করে দেয়।
স্থানীয় শিক্ষক সাজ্জাদ হোসেন জানান-যে সব নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার মেরামত করা হচ্ছে সেগুলো অত্যন্ত নিম্নমানের। আমরা এলাকাবাসি বহুবার উপজেলা প্রকৌশলীর নিকট অভিযোগ করেছি। কিন্তু কোন প্রতিকার পাওয়া যায়নি। দীর্ঘদিন থেকে রাস্তাটি মেরামত না হওয়ায় পথচারিসহ যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাস্তার দু’ধারে নিমার্ণ সামগ্রী রাখায় রিক্সা-ভ্যানসহ অন্যান্য যানবাহনের চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। ওই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারও লোকজন উপজেলা শহরের যাওয়া-আসা করে থাকেন। জেলা পরিষদের সদস্য এমদাদুল হক নাদিমের বাড়ি ওই এলাকায় হওয়ায় তিনি বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জোড়ালোভাবে জানান। এরপরও ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার মেরামতের কাজ করছে।
এব্যাপারে এমদাদুল হক নাদিম জানান- ওই সব ঠিকাদার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা একান্ত প্রয়োজন। উপজেলা প্রকৌশলী আবুল মুনছুর জানান- ওই ঠিকাদার প্রতিষ্ঠানের চুক্তি বাতিলের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট আবেদন পাঠানো হয়েছে।