সেই শামীমার পুত্র সন্তান প্রসব

0

ব্রিটেন থেকে ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়ায় পালিয়ে যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম একটি ছেলে শিশুর জন্ম দিয়েছেন বলে তার পরিবারের আইনজীবী জানিয়েছেন।

১৯ বছরের শামীমার এটি তৃতীয় সন্তান। তার আগের দুটি সন্তানই অপুষ্টি এবং বিনা চিকিৎসায় মারা গেছে। সিরিয়ায় গিয়ে এই তরুণী নেদারল্যান্ডস থেকে আসা একজন আইএস যোদ্ধাকে বিয়ে করেছিলেন।

মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন এলাকা থেকে আরও দুজন বান্ধবীসহ আইএসে যোগ দিতে সিরিয়ায় পালিয়ে গিয়েছিলেন শামীমা বেগম।

গত সপ্তাহে লন্ডনের দৈনিক দ্য টাইমসের একজন সাংবাদিক সিরিয়ার একটি শরণার্থী শিবিরে শামীমা বেগমের খোঁজ পান। তার বয়স এখন ১৯ এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

ওই সাংবাদিকের মাধ্যমে তিনি ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেন যে তার আগত শিশু সন্তানের কথা বিবেচনা করে তাকে যেন ব্রিটেনে ফেরত আসতে দেয়া হয়। এরপর থেকে ব্রিটেনে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে যে, নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের যোগ দিতে যাওয়া এই তরুণীকে ফেরত আসতে দেয়া উচিৎ কিনা।

যদিও বিবিসি এখনও দ্বিতীয় অন্য কোনও সূত্র থেকে নিশ্চিত হতে পারেনি যে শামীমা বেগম সত্যিই অন্তঃসত্ত্বা ছিলেন কিনা বা তিনি সন্তানের জন্ম দিয়েছেন কিনা।

রোববার শামীমার পরিবারের আইনজীবী মোহাম্মদ তাসনিম আখুঞ্জি জানান, তারা জানতে পেরেছেন শামীমা একটি শিশুর জন্ম দিয়েছেন। শিশুটি সুস্থ আছে।

এক বিবৃতিতে তিনি বলেন, এখনও শামীমার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়নি। আশা করছি তাড়াতাড়ি তা করা সম্ভব হবে।
পরে ওই আইনজীবী জানান, একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছে শামীমা।

শামীমার বাচ্চার নাগরিকত্বের কী হবে?
শামীমা বেগমের জন্ম ব্রিটেনে, তিনি ব্রিটিশ নাগরিক। কিন্তু তারপরও তাকে দেশে ফিরতে দেয়া হবে কিনা- তা নিয়ে সরকার এখনও সিদ্ধান্ত দেয়নি।

সরকারের একজন মন্ত্রী জেরেমি রাইট বিবিসিকে বলেন, শামীমা বেগমের সন্তানের নাগরিকত্ব সোজা-সাপটা কোনও বিষয় নয়।
তিনি বলেন, তাকে (শামীমাকে) তার কর্মকাণ্ডের জবাবদিহি করতে হবে। সে যদি এ দেশে ফিরে আসতে পারেও, তাকে বুঝতে হবে সে যা করেছে তার জন্য তাকে জবাব দিতে হবে।
ব্রিটেন থেকে যে কয়েকশ মুসলিম ছেলে-মেয়ে আইএসে যোগ দিতে সিরিয়া ও ইরাকে গিয়েছিল, তাদেরকে ফিরে আসতে দেয়া উচিৎ কি উচিৎ নয়- তা নিয়ে তুমুল বিতর্ক চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, আইএসে যোগ দিতে যাওয়া তরুণ-তরুণীরা যাতে না ফিরতে পারে সেটির চেষ্টা করে যাবেন তিনি।

তবে শামীমা বেগমের পরিবার আবেদন করেছে, শিশুটি তো নিরপরাধ, শিশুটির নিরাপত্তার জন্য মানবিক কারণে তাদের মেয়েকে ব্রিটেনে ফিরতে দেয়া হোক। সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।
গত সপ্তাহে তুমুল লড়াইয়ের মধ্যে শামীমা বেগম আইএসের নিয়ন্ত্রণাধীন সর্বশেষ এলাকাটি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তার স্বামী আত্মসমর্পণ করেছে বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.