সেনাসদস্য বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এটি মোটেও সঠিক তথ্য নয় : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

0

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পেছনে এক গভীর ষড়যন্ত্র ছিলো। কতিপয় সেনাসদস্য বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এটি মোটেও সঠিক তথ্য নয়।

তিনি বলেন, ‘এ জাতি যাতে কোনদিন মাথা তুলে দাঁড়াতে না পারে এমন ঘৃণ্য উদ্দেশেই বঙ্গবন্ধুর রক্তের সম্পর্কের সকলকেই ঘাতকেরা হত্যা করতে চেয়েছিলো। সৌভাগ্যক্রমে দেশে না থাকায় জাতির পিতার দুইকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে এবং ২০৪১ সালে উন্নত দেশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ’

মন্ত্রী আজ রাজউক মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। রাজউক শ্রমিক-কর্মচারি লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার বৈশিষ্ট্য জাতির পিতার রক্তের সাথে মিশে ছিলো। এ বৈশিষ্টই তাঁকে সংগ্রামী জীবন উপহার দিয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু আজীবন লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। ছয় দফা দেয়ার পর তৎকালিন অনেক রাজনীতিক এ দাবি থেকে সরে আসার জন্য বঙ্গবন্ধুকে চাপ দিয়েছেন।

কিন্তু তিনি ছয় দফার সাথে আপোষ করেননি। ছয়দফা ছিলো এ জাতির মুক্তির সনদ। এ জাতিকে মুক্তি দেয়ার লক্ষ্য নিয়ে রাজনীতির প্রতিটি ধাপেই তিনি দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
রাজউক শ্রমিক-কর্মচারি লীগের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

আলোচনা সভার শুরুতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রদর্শন করা হয় এবং বিশেষ দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.