সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল বিএনপি

0

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রশাসনের কাছ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। ১২ নভেম্বরের এই সমাবেশ করবে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশস্থল পরিদর্শনে এসে দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপি নেতা এ বি এম মোশাররফ প্রমুখ।

এর আগে বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১২ নভেম্বরের জনসমাবেশ আমাদের কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তিপূর্ণভাবে এ সমাবেশ করতে চাই।

জনসমাবেশ সফল করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা চেয়ে বিএনপি মহাসচিব বলেন, সব সময় তারা (আওয়ামী লীগ) বলে, রাজনৈতিক কর্মসূচিতে তারা বাধা দেন না। তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন। আশা করি তারা শান্তিপূর্ণ এ সমাবেশের অনুমতি দেবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.