রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে এ অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি।
শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে সমাবেশের অনুমতি চাওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আগামী ৮ নভেম্বর আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে চিঠি দিয়েছি। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আমরা সেখানে এই সমাবেশ করব। গতকাল আপনারা দেখেছেন যে, ৭ নভেম্বর উপলক্ষে আমাদের প্রস্তুতি চলছে।
বিভিন্ন অঙ্গসংগঠন এটি নিয়ে প্রস্তুতি সভা করছে। আমরা আশা করি, ৭ নভেম্বরের ১০ দিনব্যাপী কর্মসূচি সফল হবে।
ঘটনাবহুল ৭ নভেম্বরকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। গত বছর দিনটি উপলক্ষে সোহরাওয়াদী উদ্যান অথবা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত দলটি সমাবেশের অনুমতি পায়নি।