১৮ নভেম্বরের সমাবেশকে প্লিজ, পাল্টাপাল্টি বলবেন না: কাদের

0

১৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ডাকা নাগরিক সমাবেশকে বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি হিসেবে না দেখতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, বিএনপির সমাবেশে নগরবাসীর দুর্ভোগ হয়েছে সেজন্য আমরা শনিবারে সমাবেশ দিয়েছি। ১৮ নভেম্বরের সমাবেশকে প্লিজ, পাল্টাপাল্টি বলবেন না।

সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএফইউজে এবং ডিইউজে আয়োজিত ‘ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি’ উপলক্ষে সাংবাদিকদের আনন্দ সম্মীলনীতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্লিজ আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। আমরা কোন পাল্টাপাল্টি সমাবেশ করতে চাচ্ছি না। আমাদের সমাবেশ নিয়ে রাজনীতি করতে চাচ্ছি না। আপনারা আমাদের সমাবেশকে বিএনপির সমাবেশের সাথে পাল্টাপাল্টি বানাবেন না।

কাদের বলেন, ২০১৪ সালে যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, যারা বাসে আগুন দিয়ে পুড়িয়েছে তারা বলেন রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা। আমাদের দেশে তারাই নীতিকথা বলে যারা বেশি দুর্নীতিবাজ। এই দেশে যারা নষ্ট রাজনীতি সূচনা করেছে, যারা সাম্প্রদায়িকতা করার চেষ্টা করেছে, যারা জঙ্গিবাদে মদদ দিয়েছে তারা বলে রাজনীতির গুণগত মান পরিবর্তনের কথা। এটা ভূতের মুখে রামরাম তাই নয় কি?

সেমিনারে বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, দৈনিক সমকালের সম্পাদক ও একুশে পদক প্রাপ্ত সাংবাদিক গোলাম সরোয়ার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.