জঙ্গি হামলার আশঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপে

0

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে এরইমধ্যেই নতুন সমস্যা দেখা দিয়েছে। আসরটি চলাকালীন জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। জানা গেছে, পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন হুমকি দিয়েছে। যার ফলে নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হচ্ছে। খবর ক্রিকবাজের।

ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, উত্তর পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন ‘প্রো-ইসলামিক স্টেট (দাইশ) এই হুমকি দিয়েছে। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে তারা দাবি করেছে যে বিশ্বকাপ চলাকালীন নাশকতা হবে। যে সংবাদমাধ্যমে এই খবর বেরিয়েছে সেটি ইসলামিক স্টেট সংগঠন চালায়।

সংবাদে আরও বলা হয়, প্রো-ইসলামিক স্টেট সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও প্রকাশ করছে। খেলার মাঠে বিভিন্ন সময়ে যে সব নাশকতার ঘটনা ঘটেছে সেগুলিই থাকছে সেই সব ভিডিওতে। এই ভিডিও প্রকাশ করে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের তাদের লড়াইয়ে যুক্ত হওয়ার প্রস্তাব দিচ্ছে জঙ্গি সংগঠন।

এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া দেশের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ এবং দর্শকদের নিরাপত্তার দায়িত্ব তাদের। সেই কাজ তারা করবে।

উন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভস বলেন, ‘আমরা আইসিসির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। যে কয়েকটি মাঠে বিশ্বকাপ হবে সেখানে ও টিম হোটেলে যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে তা নিশ্চিত করা হবে। আমি সব দেশকে জানিয়ে দিতে চাই, যে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও দর্শকদের নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য।’

আগামী ২ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে এই প্রথম কোনো বিশ্বকাপে ২০টি দেশ খেলবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.