রাজধানীর গাবতলী পশুরহাটে বড় ধরনের অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে

0

রাজধানীর গাবতলী পশুরহাটে বড় ধরনের অগ্নিকাণ্ডে ১১টি গরু ও একটি ছাগল জীবন্ত দগ্ধ হয়েছে। এছাড়া আগুনে দগ্ধ আরও তিনটি গরুকে তাৎক্ষণিকভাবে জবাই করে ফেলে পশুর হাটের লোকজন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাবতলীর হাটে আগুন লাগে। তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু ততক্ষণে রাজধানীর সবচেয়ে বড় এ পশুরহাটের তিনটি ছাউনি পুড়ে যায়। ওই তিন ছাউনিতে বেঁধে রাখা ১১টি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায় বলে দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান জানান।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।হাটের একজন ব্যবসায়ী জানান, প্রথমে হাটের দোতলা একটি ছাউনিতে আগুন লাগে এবং পরে পাশের দুই ছাউনিতে তা ছড়িয়ে পড়ে।

ওই তিন ছাউনিতে শখানেক গবাদি পশু রাখা ছিল জানিয়ে তিনি বলেন, আগুন লাগার পর হাটের লোকজন অধিকাংশ গরু-ছাগল সরিয়ে নিতে পারলেও কিছু গরু ভেতরেই পুড়ে মারা যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.