ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঘাটাইলে দুঃস্থদের মাঝে বরাদ্ধকৃত ভিজিএফের ৪৩ বস্তা (২১৫০ কেজি) কালো বাজারে বিক্রির গম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আনেহলা ইউনিয়নের খায়ের পাড়া বাজারের মুন্নাফের তেলের মিল থেকে এ গম উদ্ধার করা হয় । ভিজিএফের গম ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার অপরাধে খায়ের পাড়া গ্রামের মৃত মুকদম আলীর ছেলে মোজাফফর আলী (৫৫) ও কুরমুশী গ্রামের মরতুজ আলীর ছেলে মুন্নাফ (৪২) নামের ২ জন কে আটক করা হয়েছে।
উদ্ধার কৃত গম গুলো থানা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোঃ শাজাহান বলেন, গত কাল তার ইউনিয়নে ৫৩৫ বস্তা গমের মধ্যে ৯ বস্তা বাদে ইউপি মেম্বার ও দায়িত্ব প্রাপ্ত টেক অফিসারের উপস্থিতিতে সব গুলো ভিজিএফের গম তালিকা ভুক্তদের মাঝে সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়। তিনি দাবি করেন ঐ গম গুলো হয়তোবা পাইকাররা কার্ডধারিদের কাছ থেকে রাস্তা থেকে কিনেছে। এই ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।
জানতে চাইলে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে কে বলেন,এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ২ জন কে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।