সোহেল আহম্মেদ, দাউদকান্দি প্রতিনিধিঃ আগামী নির্বাচনে ব্যাপক ভরাডুবির ভয়ে সরকার বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে প্রতিনিয়ত আবোল-তাবোল বলছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে, কাল্পনিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছে। তাদের এইসব বক্তব্য বানোয়াট, অশালীন ও রাজনৈতিক শিষ্ঠাচারবর্জিত। প্রকৃতপক্ষে বেসামাল সরকারই আবারো ক্ষমতায় যেতে নানা ফঁন্দি ও দুরভিসন্ধি করছে।
ড. মোশাররফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে। আওয়ামী লীগ আর ফাঁকা মাঠে গোল করতে পারবে না। বিনাভোটে তাদের ক্ষমতায় যাবার স্বপ্ন পূরণ হবে না। তাদের সকল ষড়যন্ত্র জনগণই প্রতিহত করবে।
বিএনপির এই নীতিনির্ধারক নেতা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দুর্নীতি-দুঃশাসন, বিরোধী মতকে দমন, দলীয়করণ, বাংলাদেশ ব্যাংকসহ সরকারি ব্যাংক এবং শেয়ার বাজার থেকে হাজারো কোটি টাকা লুটপাট করেছে। টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি, খুন, গুম এবং অপহরণ এখন নিত্যদিনের ঘটনা। এতে জনমনে চরম অস্থিরতা বিরাজ করছে। দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করে তুলেছে। দেশি-বিদেশি বিনিয়োগ নেই। কর্মসংস্থান নেই। অর্থনীতি স্থবির। রেমিটেন্সের প্রবাহ দিন দিন কমছে। সীমান্ত অরক্ষিত। আইনের শাসন নেই।
তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। তারা গণতন্ত্রকে পাঠিয়েছে নির্বাসনে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ প্রার্থীদের জামানত রক্ষা করাই কঠিন হবে।
অনুষ্ঠানে ড. মোশাররফ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি বিএনপির সভাপতি এ কে এম শামসুল হক, সাধারণ সম্পাদক আবুল হাশেম চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী, সিনিয়র সহসভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকার, সাধারণ সম্পাদক নরুল আমীন নাঈম সরকার, দাউদকান্দি যুবদলের সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম ও ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ দলের সিনিয়র নেতাদের সদস্যপদ নবায়ন এবং প্রচুর সংখ্যক নতুন সদস্য সংগ্রহ করেন।
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাওসার আলম সরকার, যুবদল নেতা বাবুল মোল্লা, শরীফ চৌধুরী ও আলমগীর হোসেন সজীব, ছাত্রদল নেতা রোমান খন্দকার, আল-আমিন সরকার, আসাদুজ্জামান লিমন ও ওমর ফারুক মিয়াজী, আব্দুল বাসেত এবং মহিলা দল নেত্রী হাসিনা সরকার ও আইরিন সুলতানা প্রমুখ।