আগামী ২৮ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা

0

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২৮ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার (১৮জুন) রাতে এ তথ্য জানায় খালিজ টাইমস।

মুসলমানদের সবচেয়ে পবিত্র আরাফার দিনটি হবে ২৭ জুন। জিলহজ মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখ উদযাপিত হয় ঈদুল আজহা। হযরত ইবরাহীম (আ.) তার পুত্র ইসমাইলকে আল্লাহর হুকুমে কোরবানি করার ইচ্ছাকে স্মরণ করে এই ইসলামি উৎসব উদযাপন করা হয়।

সারা বিশ্ব যখন ঈদুল আজহা উদযাপন করবে, তখন লাখ লাখ মুসলমান হজ পালনের জন্য ইসলামের সবচেয়ে পবিত্র জায়গা মক্কা শহরে অবস্থান করবেন। আরাফার দিন হজযাত্রীরা আরাফার ময়দানে সমবেত হয় নামাজ আদায় করতে। সেখানে ১৪ শতক আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার শেষ খুতবা দিয়েছিলেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনে রোজা রাখেন।

কোভিড-১৯-এর সমস্ত বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে এটিই প্রথম হজ। পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাধারণ সম্পাদক শেখ ড. আব্দুর রহমান বিন আবদুল আজিজ আল সুদাইস বলেন, ‘মহামারি শেষ হওয়ার পর এবং লাখ লাখ হজযাত্রীর প্রত্যাবর্তনের ঘোষণার পর এ বছরের হজ মৌসুমের অপারেশনাল পরিকল্পনা ইতিহাসে সবচেয়ে বড়।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.