ঐক্য রক্ষায় ওটা আমার সতর্কবাণী : ইনু

0

বুধবার কুষ্টিয়ায় আওয়ামী লীগকে উদ্দেশ করে দেয়া বক্তব্যকে ‘ঐক্য রক্ষার সতর্কবাণী’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

বুধবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জাসদের এক জনসভায় হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা ৮০ পয়সার মালিক, এক টাকার মালিক না। যতক্ষণ এক টাকা হবে না ততক্ষণ ক্ষমতা পাবেন না। আপনারা ৮০ পয়সা। এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন এবং ইনু মিললে তবেই এক টাকা হবে। আমরা যদি না থাকি তাহলে আপনারা ৮০ পয়সা নিয়ে রাস্তায় ঘুরবেন। এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না।’

এই বক্তব্যের বিষয়ে কথা বলতে সচিবালয়ে দুপুরে প্রেস ব্রিফিং ডাকেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ঐক্য ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো আচরণ আর করা উচিত নয়। শরিক সব দলেরই পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। আমি ঐক্যের বিষয়ে গুরুত্ব দিয়েই গতকাল বক্তব্য দিয়েছি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের বিরুদ্ধে যারা আন্দোলনে শরিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের সবাইকে প্রধানমন্ত্রী বুকে টেনে নিয়েছেন, আগলে রেখেছেন এবং ঐক্যে শামিল করেছেন। সুতরাং আমাদের ঐক্যটাকে রক্ষা করতে হবে। সেখানে আমরা মাঝে মাঝে খেয়াল করেছি ঐক্যের শরিকদের মাঝে মধ্যে কেউ কেউ তুচ্ছ-তাচ্ছিল্য, কটাক্ষ ও অবহেলা করে থাকেন, উদাসীনতা প্রদর্শন করেন। এটা ঠিক কাজ না। এটা ঐক্যের জন্য মঙ্গলজনক নয়।’

তিনি বলেন, ‘ঐক্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই চিন্তা থেকেই আমি সতর্কবাণী উচ্চারণ করেছি।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.