খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনে যাবে বিএনপি-গয়েশ্বর চন্দ্র রায়

0

গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো প্রতিকূল অবস্থার সমাধান করেই খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে শনিবার দুপুরে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে এ সভার আয়োজন করে জিয়া নাগরিক ফেরাম (জিনাফ)।

গণমাধ্যমের বরাত দিয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমাদের নেতা মওদুদ আহমদ বলেছেন, যে কোনো প্রতিকূল অবস্থায় নির্বাচনে যাবে বিএনপি। যদিও তার বক্তব্যের মধ্যে রয়েছে, খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। তার বক্তব্য সংশোধন করে বলতে চাই, নির্বাচনের প্রতিকূল অবস্থার সমাধান করেই আগামী নির্বাচনে যাবে বিএনপি। গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো প্রতিকূল অবস্থা বা জনগণের ভোটের বাধা থাকা অবস্থায়-এমন কোনো উপসর্গ থাকলে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু এটা নয়, খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন,বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। চেয়ারপারসন তিনি তার আগের অবস্থানে আছেন।

গণতন্ত্র হচ্ছে স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্র উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনও একসঙ্গে থাকতে পারে না। সুতরাং আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার অধীনে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না।

সংগঠনের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.