আজ শনিবার সকাল ১০টা থেকে চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এ কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।
অবরোধ চলাকালে আউটসোর্সিং খাতে নিয়োজিত কর্মচারীরা বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন। তাঁদের অভিযোগ, টেন্ডার জটিলতায় কর্মরত অনেকের চাকরি চলে যায়, বছর শেষে জুন মাসে নবায়ন করার নামে বিপুল অঙ্কের ঘুষ দাবি করা হয়, ঘুষ না দিলে চাকরি চলে যায়। এ ছাড়া প্রতি মাসে বেতন না পাওয়া, কখনো কখনো পাঁচ থেকে ছয় মাস আবার এক থেকে দুই বছরও বেতন বকেয়া থাকে বলে অভিযোগ করেছেন অবরোধকারীরা।অবরোধকারীরা বলেছেন, দাবি না মেনে নেওয়া পর্যন্ত তাঁরা শাহবাগ ছেড়ে যাবেন না।