ট্রাম্পের 'ভ্রমণ নিষেধাজ্ঞা' আংশিক বাস্তবায়নে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

0

কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকা নিষিদ্ধ করে প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্দেশনা দিয়েছিলেন, তার ‘আংশিক বাস্তবায়নে’ রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।এর ওপর আদালতের যে নিষেধাজ্ঞা ছিল তা আংশিকভাবে তুলে নিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট।
ট্রাম্প তার প্রতিক্রিয়ায় বলেছেন, এটি আমেরিকার জাতীয় নিরাপত্তার বিজয়।তবে এই নীতি বহাল থাকবে কী বাতিল করা হবে – সেই প্রশ্ন এখনো বিবেচনা করছে আদালত। আদালতের রুলিংএ বলা হয়, বাস্তবতার দিক থেকে দেখলে এমন কোনো বিদেশী- যার যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে প্রকৃতপক্ষেই সম্পর্ক আছে তার ক্ষেত্রে এই নির্বাহী আদেশ প্রয়োগ না করা যেতে পারে।

প্রেসিডেন্টের নির্দেশনায় ছ’টি মুসলিম প্রধান দেশ ইরান, লিবিয়া,সোমালিয়া, সিরিয়া , সুদান ও ইয়েমেনের নাগরিকদের ৯০ দিনের জন্য আমেরিকায় ঢোকা নিষিদ্ধ করা হয়। এছাড়া, ১২০ দিনের জন্য আমেরিকার শরণার্থী পূনর্বাসন কর্মসূচি স্থগিত রাখার কথাও রয়েছে ওই নির্দেশনায়। আমেরিকার সর্বোচ্চ আদালতের রায়ে এখন এটা আংশিক কার্যকর হবে।
বিবিসির বিশ্লেষক এন্টনি জুরকার বলছেন, এতে ট্রাম্প-এর বিজয় হয়েছে। এখন অভিবাসী এবং শরণার্থীদের- যুক্তরাষ্ট্রের কোনো পরিবার, শিক্ষা-প্রতিষ্ঠান বা চাকরির সম্পর্ক না থাকলে তার জন্য আমেরিকায় ঢোকা কঠিন হবে।তিনি বলেন, এতে আরো বোঝা যায় জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ক্ষেত্রে আমেরিকায় প্রেসিডেন্ট কতটা ক্ষমতাবান।সূত্র : বিবিসি

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.