পাকিস্তানের লাহোর শহরে একটি মাজারের বাইরে পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছে বলে খবরে বলা হয়েছে। আজ বুধবার সকালে শহরের দাতা দরবার মাজারের বাইরে ওই বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের কর্তৃপক্ষ। খবর জিও নিউজের।
উদ্ধারকারীদের সূত্রগুলো জানিয়েছে, পাঞ্জাব পুলিশের এলিট ফোর্সের সদস্যদের বহনকারী একটি ভ্যান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
পাকিস্তানের জিও নিউজ হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মায়ো হাসপাতালে অন্তত তিনজনের মৃতদেহ আনা হয়েছে। এছাড়া আহত আরও ১৮ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওই সূত্রটি জানিয়েছে, নিহত ব্যক্তিরা সবাই পুলিশের সদস্য। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে ওই সূত্রটি।