পান্থপথে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, আহত ১

0

রাজধানীর পান্থপথে ‘জঙ্গি আস্তানা’ হোটেল ওলিওতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে হোটেলটিতে এ বিস্ফোরণ ও গুলির শব্দ হয়। এর পরপরই সামনের রাস্তা দিয়ে আহত অবস্থায় একজনকে নিয়ে যেতে দেখা যায়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আরাফাত জানান, আহত ওই ব্যক্তি ব্যাংকের বুথে টাকা তুলতে যাচ্ছিলেন। বিস্ফোরণের ফলে ইটের টুকরো ছিটকে গিয়ে তার মাথায় লাগে। এ ঘটনার পর আশপাশের ভবন ও সড়ক থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে।

পুলিশ জানায়, বিস্ফোরণে হোটেলটির সামনের অংশের দেয়াল ধসে পড়েছে। 

হোটেলটি ঘিরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত ও সিআইডির ক্রাইম সিন ইউনিট সদস্যরা অভিযান শুরুর কিছুক্ষণ পর এ বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনা যায়। ঘটনাস্থলে রাখা হয়েছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ও অ্যাম্বুলেন্স।

এদিকে সকাল সোয়া ১০টার দিকে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক ঘটনাস্থলে যান। সোমবার দিনগত রাত ৩টার দিকে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর ওই হোটেলটির চার পাশ ঘিরে রাখে আইনশৃংখলা বাহিনী।

সকালে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের হোটেল ওলিওতে জঙ্গি অবস্থানের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, জঙ্গি সন্দেহে ঘিরে রাখা ওই ভবনে অস্ত্র ও সরঞ্জাম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে সোয়াটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।।

পুলিশের তেজগাঁও বিভাগের একজন কর্মকর্তা জানান, ওই হোটেলের একটি কক্ষে একজন জঙ্গির অবস্থানের তথ্য তাদের কাছে রয়েছে। সেখানে অস্ত্র ও বিস্ফোরকও রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.