ফুলছড়িতে ডাকাতের কোপে কৃষক নিহত, আটক ১

0

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে ডাকাতি করতে এসে বাঁধা প্রাপ্ত হওয়ায় সশস্ত্র ডাকাতের হামলায় দুলাল মিয়া নামে একজন নিহত ও ডাকাতের ছোড়া গুলিতে বাবুল নামে আরেক জন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পালানোর চেষ্টাকালে চরবাসির গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়। পুলিশের অভিযানে খোকা মিয়া (৩১) নামে এক ডাকাতকে আটক সহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি নৌকা, বুলেট ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ আগস্ট) রাত আড়াইটা নাগাদ ফুলছড়ি উপজেলার ফজলপুর ইউনিয়নের চর চৌমহনের (বুলবুলির চরে) ডাকাতি ঘটনায় নিহত দুলাল ও আহত বাবুল মিয়া চর চৌমহন গ্রামের বাসিন্দা।

ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন জালাল ঘটনা প্রসঙ্গে জানান, মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ ২৫/৩০ জনের সশস্ত্র ডাকাতদল চর চৌমহনের জাহাঙ্গীর, ময়নুল, হযরতসহ আরও কয়েকটি বাড়িতে হানা দিয়ে গরু লুটের চেষ্টা করে। এসময় লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে ডাকাতদের রাম দায়ের কোপে দুলাল মিয়ার মৃত্যু হয়। চরবাসি ডাকাতদের ঘিরে ফেললে অবস্থা বেগতিক দেখে তারা আবারও গুলি ছোড়ে এতে বাবলু মিয়া গুরুতর আহত হন।

আহত বাবুলকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে পাশের একটি চরের কাঁশবনে আশ্রয় নিলে উত্তেজিত লোকজন একত্রিত হয়ে ডাকাতদের ঘিরে ফেলে। এসময় তারা অজ্ঞাত পরিচয় এক ডাকাতকে পিটিয়ে হত্যা করে। বাকিরা কাঁশবনে লুকিয়ে থাকায় তাদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। এক ডাকাত আটকসহ নৌকা, বুলেট ও পিস্তল উদ্ধার করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.