বিশ্বে সৎ রাজনীতিবিদদের মধ্যে প্রধানমন্ত্রীর অবস্থান তৃতীয়: কাদের

0

বিশ্বের ১৭৩ দেশের সৎ রাজনীতিবিদদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান তৃতীয় নম্বরে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়ক প্রশস্তকরণের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, সততার এই বিশ্বস্বীকৃতির কারণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে বিজয়ী হবে আওয়ামী লীগ।
সেতুমন্ত্রী বলেন, আমি আস্থাশীল, দেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। রাজনীতিতে সততা, দক্ষতার কোনো বিকল্প নেই। আজকে বিশ্বস্বীকৃত সৎ রাজনীতি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭৩ দেশের সৎ রাজনীতিবিদ হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর অবস্থান তৃতীয় নম্বরে। কাজেই সততা-দক্ষতায় আজ যিনি বিশ্বস্বীকৃত, তার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে বিজয়ী হব।
সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপির এমন কোনো কাজের নিদর্শন নেই যে সেই কাজের জন্য জনগণ তাদের বিপুল সংখ্যায় ভোট দেবে। বিএনপি নির্বাচনে গেলে আসন পাবে। কিন্তু কত আসন পাবে, সেটি জনগণ জানে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিকেএন নাহিন রেজা, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.