রূপনগরে বন্দুকযুদ্ধে নিহত ২, নিহত দুজনই এএসপি হত্যায় জড়িত বলে ধারণা পুলিশের

0

রাজধানীর রূপনগর থানা এলাকায় গোয়েন্দ‍া পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। তাদের বয়স ৪০-৪৫ এর মধ্যে। নিহত দুই ব্যক্তি সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজ বুধবার ভোরে রূপনগরের পানি উন্নয়ন বোর্ডের পাশে এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে রূপনগর থানার এসআই মমিনুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, ছিনতাইকারীদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ডিবি পশ্চিম পল্লবী জোনাল টিমের সিনিয়র এসি মো. শাহাদাত হোসেন বলেন, প্রাইভেট কার নিয়ে রূপনগর এলাকায় ছিনতাইকারীরা অবস্থান নিয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওখানে যাই। একপর্যায়ে ছিনতাইকারীরা আমাদের অবস্থান টের পেয়ে গুলি চালায়। আমরা আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুজন নিহত ও দুজন পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি ছোরা, একটি লোহার রড ও ছিনত‍াইকারীদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।

ডিবির (পশ্চিম) অতিরিক্ত কমিশনার গোলাম মোস্তফা বলেন, বন্দুকযুদ্ধে নিহত দুজনই পেশাদার ছিনতাইকারী। এএসপি মিজানুর রহমান হত্যার ঘটনায় গ্রেপ্তার এক আসামির কাছ থেকে পাওয়া তথ্য ও নিহত দুজনের ছবি দেখে ধারণা করা হচ্ছে, এই দুজনও এএসপি হত্যাকাণ্ডে জড়িত ছিল।

গত ২১ জুন দুপুরে মিরপুর বেড়িবাঁধসংলগ্ন বিরুলিয়া সেতুর কাছে রাস্তার পাশের ঝোপ থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার এর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁর গলায় ঝুট কাপড় প্যাঁচানো এবং গালে ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছেন, ধস্তাধস্তির একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। পুলিশের হাইওয়ে রেঞ্জের সাভার সার্কেলের দায়িত্বে ছিলেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.