রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া আজ উদ্বেগ প্রকাশ করছে। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেশী বিশাল ভারতের এই উদ্বেগে আমাদেরও তাদের পাশে এই মুহূর্তে খুবই প্রয়োজন। ‘
আজ রবিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএর মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘৭১ এর দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল। আমরা আশা করছি, এই দুঃসময়ে ভারতকে পাশে পাব, এই মানবিক বিপর্যয় মোকাবিলায়। ‘
সেতুমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বিএনপির ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, ‘সরকার যখন প্রো-অ্যাকটিভ বলে জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেছে, তখন একটি দল সমালোচনা করছে। তাদের টার্গেট আওয়ামী লীগ সরকার। মিয়ানমার সরকারের নির্যাতনের ব্যাপারে তারা কোনো কথা বলছেন না। ‘ তিনি আরও বলেন, ‘সারা দেশ যখন এই ইস্যুতে উদ্বিগ্ন, তখন এই দলটি খুশি। কারণ তারা নতুন ইস্যু পেয়েছে। ‘