ঈদে রাস্তার জন্য কোথাও যানজট হবে না : ওবায়দুল কাদের

0

সারাদেশে সড়ক-মহাসড়ক এখন চলাচলের উপযোগী অবস্থায় আছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদযাত্রায় রাস্তাঘাট নিয়ে তিনি ‘মোটেও চিন্তিত নন’। তার বিশ্বাস, সড়কের অবস্থার কারণে এবার যানজট হবে না। তবে অন্য কোনো কারণে যে যানজট হবে না- সে নিশ্চয়তা তিনি দিতে পারছেন না।

ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মঙ্গলবার ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে যাত্রাবাড়ী-কাঁচপুর আট লেন মহাসড়কের পাশে কোরবানির পশুরহাট সংলগ্ন সড়ক ও যানজটপ্রবণ এলাকা পরিদর্শন করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, “আমিতো রাস্তাঘাট নিয়ে মোটেও চিন্তিত নই, কারণ সারাদেশে মহাসড়ক এখন গুড শেইপে আছে, ভাল অবস্থায় আছে। যেগুলো বন্যার কারণে ও টানা বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো গতকালের মধ্যে পাসেবল করা হয়েছে, যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। “এই মুহূর্তে আমি বলছি, আশ্বস্ত করছি, সারাদেশের রাস্তা যানজটের কারণ হবে না, রাস্তার জন্য কোথাও যানজট হবে না।”

পশুবাহী গাড়ি ধীরগতির কারণ হয় জানিয়ে কাদের বলেন, “রাস্তার উপর পশুবাহী ধীরগতির গাড়িগুলো মাঝে মাঝে আটকে যায়। আজ এখন পযর্ন্ত কিছু কিছু জায়গায় ধীরগতি আছে, তবে কোথাও যানজটের ছবি নেই।

“আজ থেকে রাশ বাড়বে রাস্তায়; এই অবস্থায় যারা দায়িত্বপ্রাপ্ত, সবাইকে সতর্ক থাকতে হবে। মালিকদের কাছে অনুরোধ করব, ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামাবেন না। ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় পেলে কঠোর ব্যবস্থা নেব, অতিরিক্ত ট্রিপের জন্য ওভার টেকিং ও ওভার স্পিড প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।”

ঈদের কারণে মহাসড়কে যানজট প্রবণ এলাকার চাপ মোকাবেলার প্রস্তুতি আছে জানিয়ে কাদের বলেন, “আজ একনেক মিটিংয়ে আমার চারটি এজেন্ডা আছে, যা মন্ত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরও প্রধানমন্ত্রীর কাছ থেকে ছুটি নিয়ে আমি রাস্তায় আছি, আমি রাস্তায় থাকব।”

গরুর হাটের বিষয়ে দেওয়া নির্দেশনা বেশিরভাগ জায়গায় মেনে চলা হচ্ছে দাবি করে কাদের বলেন, “কিছু কিছু জায়গায় নির্দেশমত চলছে না, যেটা আমরা শনির আখড়ায় দেখেছি। তাদেরকে আমরা ভেতরের দিকে চলে যেতে বাধ্য করেছি। রাস্তায় যাতে গরুর হাট কোনোভাবেই না হয়, সেজন্য ভিজিলেন্স টিম রয়েছে।”

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.