খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির

0

খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এর আগে সকাল ১০টা থেকে মানববন্ধনে অংশ নিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো শত শত নেতাকর্মী।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

রায় ঘোষণার পর থেকেই খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন।

খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় আজ মানববন্ধন কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের সিনিয়র নেতারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.