বিভিন্ন ধরনের কেকের মধ্যে অরিও কেক একটি। এই কেকটি অনেক মজাদার আর খুব সহজে বাড়িতে তৈরি করা যায়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম এই মজাদার কেকের রেসিপিটি।
উপকরণ :
Oreo বিস্কুট — ১০ প্যাকেট (১ প্যাকেটে ৪টা করে বিস্কুট থাকবে)
হুইপিং ক্রীম পাউডার — ৪ প্যাকেট (১ প্যাকেট ৩৬ গ্রাম করে)
তরল দুধ — ৩ কাপ (১ কাপ নরমাল আর ২ কাপ ঠান্ডা)
ক্রীম চিজ — ৫ টেবিল চামচ
কন্ডেন্স দুধ — আধা কাপ
বেকিং পাউডার — ১ টেবিল চামচ
যেভাবে করবেন :
প্রথমে একটি বাটিতে ৮ প্যাকেট Oreo বিস্কুট গুড়া করে নিয়ে এরসাথে বেকিং পাউডার আর ১ কাপ নরমাল তরল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিবেন। এরপর একটি ছোট উঁচু কেক মোল্ডে হালকা তেল ব্রাশ করে এর মধ্যে মিশ্রন দিয়ে আগে থেকে গরম করে রাখা ওভেনে ঢুকিয়ে দিবেন ৩০/৩৫ মিনাটের জন্য ১৮০C তে। (নিচের পাশ) এরপর ওভেন থেকে বের করে একটু ঠান্ডা করে নিবেন।
এরপর আরেকটি বড় বাটিতে হুইপিং ক্রীম পাউডার, বাকি ২ কাপ ঠান্ডা তরল দুধ, ক্রীম চিজ আর কন্ডেন্স দুধ নিয়ে বিটার দিয়ে ভালো করে বিট করে ফোম তৈরি করে এর মধ্যে বাকি ২ প্যাকেট Oreo বিস্কুট হাতে ভেঙ্গে সাথে মিশিয়ে কেকের উপর ঢেলে দিবেন।
এরপর কেক টি ৬ ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে পিস করে কেটে পরিবেশন করবেন।