রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি সকাল ৮টায় ভোট শুরুর পরপরই নগরীর উপশহরের স্যাটেলাইট টাউন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেলে ৪টা পর্যন্ত।
ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে। আমরা এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশই চেয়েছিলাম, শেষ পর্যন্ত এমন পরিবেশই থাকবে। কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। তিনি বলেন, জয়ের ব্যাপারে তিনি প্রায় শতভাগ আশাবাদী। নির্বাচনে ফল যা-ই হোক মেনে নেবো। এটা আমি আগেও বলেছি। এখনো বলছি। ফলাফল মেনে নেয়ার মানসিকতা সবাইকে রাখতে হবে।
উল্লেখ্য, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মোট ২১৭ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মেয়র পদে প্রার্থী রয়েছেন পাঁচজন। আর ৩০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে আছেন ১৬০ জন। এছাড়া ১০টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদের প্রার্থী ৫২ জন।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), বিএনপি মনোনীত মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল (ধানের শীষ), জাতীয় পার্টির (জাপা) হাবিবুর রহমান (কাঁঠাল), গণমঞ্চ ও গণসংহতি আন্দোলনের অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ (হাতি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম (হাত পাখা)।
এই সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন। মোট ভোটারের মধ্যে এক লাখ ৬২ হাজার ৫৩ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৫ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৮টি এবং বুথের সংখ্যা এক হাজার ২০টি।