হিলি স্থলবন্দরে বন্যা, আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত

0

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : টানা ৪ দিনের বৃষ্টিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। এরফলে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ায় জন-জীবন স্থবির পয়ে পড়েছে। এদিকে হিলি স্থলবন্দরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পানির নিচে তলিয়ে গেছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

স্থানীয়দের অভিযোগ, পৌর এলাকায় সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা উচু না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়ে বন্যার সৃষ্টি হচ্ছে। যার প্রভাব পড়ছে হিলি স্থলবন্দরের ব্যবসা-বানিজ্যে। এছাড়া রাস্তাগুলি ভাঙ্গ-চোড়া হওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন সহ পথচারীদের।

আজ রোববার সকালে ঘুরে দেখা গেছে, উপজেলা পরিষদ থেকে বাসষ্ট্যান্ড হয়ে চারমাথা, হাসপাতাল, কলেজ, সোনারপট্টি, স্থানীয় আওয়ামী লীগের অফিস ও পানামা পোর্টের সামনের এসব রাস্তাগুলির উপর দিয়ে ১-২ ফুট পানি প্রবাহিত হচ্ছে। হাকিমপুর ডিগ্রী কলেজ, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ এবং বাসষ্ট্যান্ড ৩-৪ ফুট পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার রাস্তা ঘেঁষে ড্রেন নির্মাণ করা হলেও কোনো কাজেই আসছে না।

এছাড়া পৌরসভা এলাকার ধরন্দা, কালিগঞ্জ, চন্ডিপুর, চারমাথা, পালপাড়া, দক্ষিণপাড়া, সিপি থেকে বাজার এলাকার কয়েকশত বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। পানিবন্দী এসব মানুষেরা ঘর ও অফিসের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিলেও অনেককে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে পৌর সহ উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান খোলা থাকলেও পানি উঠায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। বন্দরের বেশকিছু গুদামে পানি ঢুকে নষ্ট হয়েছে আমদানিকৃত পণ্য। টানা বৃষ্টিতে ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। রাস্তার কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হওয়ায় উল্টে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। এতে করে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারিসহ ভূক্তভোগিরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.