গতরাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশীদের এ সাক্ষাৎকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড। দুই সিটিতে মেয়র পদে ১০জন প্রার্থীর মধ্যে ৯জন সাক্ষাৎকার দেন। বিএনপির কেন্দ্রীয় দপ্তর ও চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে আজ দুই সিটিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। গাজীপুর সিটিতে বর্তমান মেয়র অধ্যাপক এমএ মান্নান এবং সিনিয়র নেতা হাসান উদ্দিন সরকারের নাম বিবেচনা করা হচ্ছে। তাদের দুইজন থেকে একজনের নাম ঘোষণা হবে।
অন্যদিকে খুলনায় বর্তমান মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মনা এবং কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জুর নাম দলীয় নেতাদের বিবেচনায় রয়েছে। এই তিনজন থেকে একজন মনোয়ন পাচ্ছেন।
সাক্ষাৎকার শেষে খুলনার বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি বলেন, মনোনয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমি নিজে মনোনয়ন চাইনি। দলের নেতাকর্মীরাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমি সাক্ষাতকারে বর্তমান মেয়র মনির পক্ষে সমর্থন ব্যক্ত করেছি। এখন দলের সিদ্ধান্তই চুড়ান্ত। শফিকুল ইসলাম মনাও মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।