ঘূর্ণিঝড় ফণী সাগর থেকে উপকূলের দিকে এগিয়ে আসছে বেশ ধীরগতিতে। গতি ধীর হলেও এর মধ্যে ফণী প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। যত সময় যাচ্ছে, ফণী ততই শক্তিশালী হয়ে উঠছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, ফণীর আঘাত বেশ মারাত্মক হতে পারে। ফণীর প্রভাবে জলোচ্ছ্বাসও হতে পারে। ডুবে যেতে পারে নিম্নাঞ্চল।
এটি বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো। শুক্রবার (৩ মে) সন্ধ্যা নাগাদ অতি প্রবল এই ঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাব বাংলাদেশে দেখা দিতে পারে।
মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর ও কক্সবাজারকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিলোমিটার। যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর কেন্দ্রের কাছের সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
ঘণ্টায় ১৭০ কিলোমিটার বাতাসের শক্তি হাজার কিলোমিটার ব্যাসের বিস্তার নিয়ে এ ঝড় শুক্রবার দুপুর নাগাদ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
ভারতীয় আবহাওয়াবিদদের পূর্বাভাসে এমনটিই বলা হয়েছে। আর যদি উত্তরমুখী গতিপথ ধরে রাখে, তবে কিছুটা দুর্বল হয়ে শনিবার সকালে বাংলাদেশের সীমানায় হানা দিতে পারে ফনি।