Monday, September 7

ভারতে নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ আজ

0

ভারতে চলমান ১৭তম লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপের ভোটগ্রহণ হবে আজ রোববার। সাতটি প্রদেশ ও একটি ইউনিয়ন ভূখণ্ডের ৫৯টি আসনে এই ভোটগ্রহণ হবে।

শেষ ধাপের ভোটগ্রহণে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৯১৮ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর ভাগ্য নির্ধারণে ১০ কোটির বেশি ভোটার ভোট দেবেন।

এদিন বিহারের আটটি, হিমাচলের চারটি, ঝাড়খণ্ডের তিনটি, মধ্যপ্রদেশের আটটি, পাঞ্জাব ও উত্তর প্রদেশের প্রতিটিতে ১৩টি, পশ্চিমবঙ্গের ৯টি ও চণ্ডীগড়ের একটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই শেষ ধাপের ভোটগ্রহণে সবার দৃষ্টি বারানসির দিকে। কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে সমাজবাদী দল থেকে শালিনি যাদব, কংগ্রেস থেকে অজয় রায় এবং নিরপেক্ষ প্রার্থী আতিক আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০১৪ সালের নির্বাচনে এই আসনে নরেন্দ্র মোদি ৩,৭০০০০ ভোটের ব্যবধানে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেন।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের ৭ম ও শেষ পর্বের এই নির্বাচনের প্রচারণা পশ্চিমবঙ্গ ছাড়া সব রাজ্যেই ভালভাবে শেষ হয়েছে। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও দলের প্রতিদ্বন্দ্বী বিজেপি কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে কর্তৃপক্ষ রাজ্যে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করেছে।

ভারতের নির্বাচনের এই শেষ পর্বের ভোটে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ এবং চলচ্চিত্র অভিনেতাসহ একাধিক আলোচিত নেতার ভাগ্য নির্ধারণ হবে।

এ নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রিদের মধ্যে মনোজ সিনহা (বিজেপি), রাম কৃপাল যাদব (বিজেপি), আশবানি কুমার চৌবে (বিজেবি), বিশিষ্ট রাজনীতিবিদ কিরণ খের (বিজেপি), হারসিমরাট বাদল (এসএডি), প্রীনিত কাউর (কংগ্রেস), অভিনেতা শত্রুঘ্ন সিনহা (কংগ্রেস) এবং সানি দেওল (বিজেপি), ঝাড়খন্ডের তিন বারের মুখ্যমন্ত্রী শিবু সোরেন, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক ব্যানার্জী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভারতের নির্বাচন কমিশন গত ১০ মার্চ দেশটির ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। ১১ এপ্রিল প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এরপর ১৮ এপ্রিল দ্বিতীয়, ২৩ এপ্রিল তৃতীয়, ২৯ এপ্রিল চতুর্থ, ৬ মে পঞ্চম ও ১২ মে ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। বর্তমান পার্লামেন্টের মেয়াদ ৩ জুন শেষ হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.