Thursday, September 3

জাপানে শিক্ষার্থীদের ওপর হামলা, নিহত ২

0

জাপানের কাওয়াসাকিতে স্কুলবাসের জন্য অপেক্ষারত শিক্ষার্থীদের ওপর ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়। আহত কমপক্ষে ১৬ জন। নিহত ব্যক্তিদের মধ্যে এক কিশোরী রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, এক ব্যক্তি ছুরি নিয়ে স্কুলবাসের জন্য অপেক্ষারত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরে হামলাকারী নিজের গলায় ছুরি চালায়। তাকে আটক করা হয়। তবে পরে তার মৃত্যু হয়। কী কারণে সে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ছুরি উদ্ধার করেছে।

কাওয়াসাকি ফায়ার সার্ভিসের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, আজ মঙ্গলবার সকাল ৭টা ৪৪ মিনিটে (স্থানীয় সময়) তাঁরা জরুরি ফোন পান যে কয়েকজন স্কুলশিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‘আমি একজন মানুষকে রক্তাক্ত অবস্থায় বাসস্টপে বসে থাকতে দেখি। অনেক স্কুলশিক্ষার্থীকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এটি খুবই শান্ত একটি পাড়া। এখানে এমন ভয়াবহ ঘটনা সবার মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।’

জাপানে বেশ কয়েক বছর ধরেই সহিংস অপরাধের মাত্রা বেশ কম। তবে কিছুদিন ধরে ছুরি নিয়ে হামলার মতো ঘটনা ঘটছে। ২০১৬ সালে জাপানের একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ওই ঘটনায় ১৯ জন নিহত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.