Tuesday, September 1

আজ টাইগারদের বাঁচা-মরার লড়াই

0

বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের ৪০তম ম্যাচে আজ মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে টাইগাররা। ইংল্যান্ডের বার্মিংহামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
এ ম্যাচে জিতলে সেমির স্বপ্ন টিকে থাকবে টাইগারদের। আর হারলেই বিদায়। তবে জিতলেও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে মাশরাফিদের।

ইংল্যান্ডের সঙ্গে ভারত জিতলে বাংলাদেশের জন্য ভালো হতো। তবে ভারতের পরাজয় ইতিবাচকভাবেই নিচ্ছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ভারতের বিপক্ষে জিততে হলে মাঠে ভুল কম করতে হবে বলে মত মাশরাফির। ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অন্যদিকে, বাংলাদেশের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যোগ দেননি ভারতীয় দলের কোনও প্রতিনিধি।

মাশরাফি বলেন, বাংলাদেশ এখনও এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। এবারের বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করে টাইগার অধিনায়ক বলেন, একজনের পক্ষে যতটা ভালো করা সম্ভব সাকিব ততটাই করছে। ব্যাটিং, বোলিং সব দিকেই সে অসামান্য অবদান রাখছে দলের জন্য।

ভারতের টপ অর্ডার ব্যাটিং লাইন আপে যত দ্রুত ফাটল ধরানো যায়, ততই বাংলাদেশের সম্ভাবনা বাড়তে থাকবে বলে মনে করেন মাশরাফি। বলেন, ভারতের টপ অর্ডার খুবই শক্তিশালী। টপ অর্ডারের যদি ফাটল ধরাতে পারি, সেটা আমাদের জন্য খুবই সহায়ক হবে।

এদিকে, আইসিসির সবশেষ র‌্যাংকিং অনুসারে ভারতের অবস্থান দুই নম্বরে। আর বাংলাদেশ আছে সাতে। শুধু র‌্যাংকিংই নয়! পরিসংখ্যানেও বাংলাদেশের চেয়ে কয়েক ধাপ এগিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। দেখা যাক আজ কী হয়!

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.