Monday, August 31

আজ সাবেক রাষ্ট্রপতির দাফন

0

সাবেক রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও চলতি একাদশ সংসদের বিরোধীদলীয় নেতা মরহুম এইচ এম এরশাদের মরদেহ আজ মঙ্গলবার সকালে হেলিকপ্টার যোগে নিজ এলাকা রংপুরে নেওয়া হচ্ছে। বাদ জোহর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে তার চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় এনে বিকালে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। তবে জানাজা শেষে রংপুরেই তাকে দাফনের দাবি জানিয়েছেন জাপার স্থানীয় নেতা-কর্মীরা।

উল্লেখ্য, রবিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এরশাদ মৃত্যুবরণ করার পর তার স্ত্রী ও সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ সাংবাদিকদের জানান, মৃত্যুর আগে বনানী সামরিক কবরস্থানে দাফনের জন্য বলে গেছেন এরশাদ। সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে রবিবার এরশাদের প্রেস উইং থেকেও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। রবিবার ঢাকা সেনানিবাসে সেনা কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজা শেষে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)- এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে তার দাফন সম্পন্ন করা হবে’।

এদিকে, রংপুরে এরশাদকে দাফনের প্রস্তুতি হিসেবে গতকাল দুপুরে রংপুর সেন্ট্রাল রোডে দলের স্থানীয় কার্যালয়ে জাপার রংপুর ও রাজশাহী বিভাগীয় কমিটি যৌথসভা করে। সভা শেষে জাপা নেতা ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, রংপুর থেকে এরশাদের মরদেহ ঢাকায় নিতে দেওয়া হবে না। জানা গেছে, স্থানীয় নেতা-কর্মীরা এরশাদকে দাফনের জন্য কবরের জায়গা নির্দিষ্ট করে খোঁড়ারও প্রস্তুতি নিয়েছেন।

এদিকে, গতকাল ঢাকায় সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার টানেলে এরশাদের দ্বিতীয় ও বাদ আসর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ পাশে তৃতীয় জানাজা হয়েছে। জানাজা শেষে এরশাদের মরদেহ আবারো সিএমএইচের হিমঘরে রাখা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.