Sunday, August 23

নরসিংদীতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত, আটক ৪

0

নরসিংদী জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মিঠুন নরসিংদী জেলা ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন৷ শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাতে মাধবদী শহরের টাটাপাড়া মহল্লার একটি বালুর মাঠে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে৷ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবদুল গাফফার (পিপিএম,বার) এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আওলাদ হোসেন মিঠুন (৩৫) মাধবদী থানার টাটাপাড়া মহল্লার জাকির হোসেনের ছেলে।

উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী মিঠুনকে তার এক সহযোগী সোহেলসহ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকা থেকে আটক করা হয়৷ পরবর্তীতে তার দেয়া তথ্যমতে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য মিঠুনকে সঙ্গে নিয়ে শুক্রবার রাতে টাটাপাড়ায় অভিযানে যায় ডিবি পুলিশ। এসময় আগে থেকে ওত পেতে থাকা মিঠুনের সহযোগীরা ডিবি পুলিশের উপর অতর্কিত হামলা চালায় ও এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এইসময় ডিবি পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। সহযোগী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ মিঠুনকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মিঠুনের সহযোগী হৃদয় (২২), মাইনুল (২৪) ও মেহেদি হাসানকে (২৫) ২টি বিদেশি পিস্তল, ১টি পাইপগান ও ৮ রাউন্ড গুলিসহ আটক করা হয়। নিহত মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদক সংক্রান্তে ১২টির বেশি মামলা রয়েছে। এ ঘটনায়ও মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.