Monday, August 31

ভোলায় সংঘর্ষের ঘটনায় ৫ হাজার জনকে আসামী করে মামলা, আটক-১৫

0

হ্যাক হওয়া ফেসবুক আইডি থেকে কুৎসা রটনার জেরে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) দিনগত রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন এ মামলা দায়ের করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

ভোলার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ সাব্বির হোসেন জানান, সংর্ঘষের ঘটনায় ৩০ পুলিশ আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন। পুলিশ এখন পর্যন্ত ১৫ জনকে আটক করেছে।

এদিকে, ৬ দফা দাবি আদায়ে সোমবার (২১ অক্টোবর) সকালে সমাবেশের ডাক দিয়েছিল ‘সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ’। তবে প্রশাসন অনুমতি দেয়নি বলে সে সমাবেশ স্থগিত করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তাজউদ্দিন। যদিও সকাল থেকেই শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সমাবেশস্থলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বিপ্লব চন্দ্র বৈদ্য (২৫) নামে এক যুবক নিজের ফেসবুক আইডি ‘Biplob Chandra Shuvo’ হ্যাক হওয়ার পরিপ্রেক্ষিতে বোরহানউদ্দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার সময় থানায় অবস্থানকালেই বিপ্লবের নম্বরে একটি কল আসে এবং তার কাছে চাঁদা দাবি করা হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ওসিকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। প্রযুক্তির সহায়তায় সেদিন রাতেই বিপ্লবের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক ও চাঁদা দাবির দায়ে শরীফ এবং ইমন নামে দুই যুবককে আটক করা হয়।

কিন্তু ওই আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কুৎসা রটনার ঘটনাকে কেন্দ্র করে সমাবেশ ডাকে ‘তৌহিদি জনতা’। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.