খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার অনুষ্ঠান চলাকালীন সময় তার দলবল নিয়ে স্থান ত্যাগ করেন। দীর্ঘ ৭ বছর পর গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর ভবন চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বর্তমান কমিটির সাধারণ সম্পাদক উপস্থিত মিজানুর রহমান বিটুকে সম্মেলন পরিচালনা করতে না দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে সম্মেলন পরিচালনার দায়িত্ব দিলে বিপত্তি বাধে। এ সময় বিটুর প্রতিপক্ষরা তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান।
এক পর্যায়ে সম্মেলনের সভাপতিত্বের দায়িত্বে থাকা পৌর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু ও খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার একজোট হয়ে সম্মেলন বয়কট করে স্থান ত্যাগ করেন।
তবে তারা সম্মেলনের প্রধান অতিথির কাছে একটি কমিটির খসড়া দিয়ে আসেন। এসময় তাদের অনুসারী নেতাকর্মীরাও সম্মেলন স্থান থেকে চলে গিয়ে অন্যত্র অবস্থান নেন।
এদিকে, তাদের অনুপস্থিতিতেই সম্মেলনের কার্যক্রম শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, প্রধান বক্তার বক্তব্য রাখেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক।
সম্মেলনে মোট ১০টি কমিটি জমা পড়েছে। পরে যাছাই বাছাই শেষে কমিটি ঘোষনা করবে জেলা আওয়ামীলীগ।
খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক বলেন, মিজানুর রহমান বিটু নিজেই গত তিন বছর আগে পৌর কমিটি থেকে পদত্যাগ করেছে। পরে উপজেলা আওয়ামী লীগ রেজুলেশনের মাধ্যমে তাকে স্থায়ীভাবে দল থেকে অব্যাহতি দেয়া হয়।
তবে এ বক্তব্য অস্বিকার করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার।