মঙ্গলবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল শেষে এক পথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া বর্তমানে ভীষণ অসুস্থ। তিনি চলাফেলা করতে পারছেন না, নিজ হাতে খেতে পারছেন না।
এমতাবস্থায় সরকারপ্রধানকে বলব- প্রতিহিংসার রাজনীতি ভুলে গিয়ে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিন। নইলে জনগণের তীব্র ক্ষোভে আপনার মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে।
এর আগে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা।
মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী।
মিছিল শেষে পথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, ছাত্রদল নেতা কাউসার প্রমুখ।