Tuesday, September 1

বাংলাদেশের ভালো খেলার সামর্থ্য আছে: কোহলি

0

ইন্দোরে আগামীকাল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। ঘরের মাঠে ভারত শক্তিশালী প্রতিপক্ষ। সবশেষ দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজিত করে বিরাট কোহলির দল। বাংলাদেশ অতীতে ভারতের বিপক্ষে কোনো টেস্ট জিততে পারেনি। তবে মুমিনুল হকের নেতৃত্বাধীন দলকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ভারতীয় অধিনায়ক কোহলি।

আজ (বুধবার) সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘আমরা বাংলাদেশের কোনো বোলার বা ব্যাটসম্যানকে হালকাভাবে নিচ্ছি না। তারা যখন ভালো খেলে তখন অনেক স্কিলফুল দল হয়ে ওঠে। বাংলাদেশের ভালো খেলার সামর্থ্য আছে। তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে আমাদের।’

ভারতের মাটিতে এর আগে মাত্র একটিই টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৬ সালে হায়দরাবাদে অনুষ্ঠিত ওই টেস্টে ভারতের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল টাইগাররা। তবে কোহলি মনে করেন, কন্ডিশন খুব একটা সমস্যা হবে না বাংলাদেশের জন্য। তিনি বলেন, ‘তারা (বাংলাদেশ) এ ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত। ম্যাচের ফল বের করতে হলে আমাদের ভালো খেলতে হবে। প্রতিটি টেস্টেই, যেমনটি আমরা অতীতে করেছি।’

ইন্দোরের পিচ কেমন হবে, এ নিয়ে দুদলেরই সমান আগ্রহ। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, স্পোর্টিং উইকেট পাবেন কোহলি-মুমিনুলরা। ব্যাটসম্যান, স্পিনার পেসার সবার জন্যই কিছু না কিছু বরাদ্দ থাকবে ইন্দোরের উইকেটে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.