প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-টোয়েন্টি সিরিজের পর এবার মাঠে গড়ালো টেস্ট সিরিজ। বিপক্ষে ইন্দোরে প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ৭ ব্যাটসম্যান ও ৪ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে সফরকারিরা। আগের দিন ভারতীয় দলের জন্য মুস্তাফিজকে হুমকি দাবি করলেও দলে সুযোগ মিলেনি এই কাটার মাস্টারের।
টেস্ট অধিনায়কত্বের অভিষেকে টসে জিতলেন বাংলাদেশের একাদশতম টেস্ট অধিনায়ক মুমিনুল হক। উইকেটে হালকা ঘাসের ছোঁয়া থাকা সত্ত্বেও নতুন এই অধিনায়ক ব্যাটিংয়ের সাহসী সিদ্ধান্ত নেন।
পরিসংখ্যানে দেখা যায়, ২০১৮ সালের পর থেকে ভারত সাত টেস্টে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে মাত্র একটি ম্যাচ জিতেছে।
তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসানকে অপেক্ষায় থাকতে হচ্ছে অভিষেকের জন্য। অভিজ্ঞ ইমরুল কায়েসে ভরসা রেখেছে টাইগার ম্যানেজমেন্ট। একাদশে জায়গা মিলেছে মোহাম্মদ মিঠুনের। বোলিং আক্রমণে আছেন দুই পেসার ও দুই স্পিনারের।
আবু জায়েদের সঙ্গে আছেন এবাদত হোসেন। আর তাইজুলের স্পিন সঙ্গী মেহেদি মিরাজ।
বাংলাদেশ একাদশ:
ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্ম মিঠুন, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।
ভারত একাদশ:
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেম যাদব।