Sunday, August 23

তাজরীন ট্র্যাজেডির ৭ বছর

0

তাজরীন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে পুড়ে অঙ্গার হয়েছিলেন ১১৩ শ্রমিক। সারাদেশকে নাড়িয়ে দেওয়া সেই ঘটনার ৭ বছর আজ।
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটেছিল ২০১২ সালের আজকের এই দিনে। ২৪ নভেম্বরের সেই মর্মান্তিক ঘটনার স্মরণে আজ দেশে দিবসটি বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবার-পরিজন ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ।

দিবসের শুরুতেই সকালে কারখানার সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানিয়েছে তাদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, ভয়াবহ এই ট্রাজেডিতে ১১৩ জনের মৃত্যুসহ আরও ৩ শতাধিক শ্রমিক আহত হয়েছিলেন। আহতদের অনেকেই এখনও কর্মক্ষমতা ফিরে পান নি। তাদের দিকে সরকারসহ সংশ্লিষ্ট সবাই দৃষ্টি দেবেন বলে আহত শ্রমিক, তাদের পরিবার-স্বজন ও সংগঠনগুলো দাবি জানিয়ে আসছে। অগ্নিকাণ্ডের সাত বছর পূর্ণ হলেও অনেক ক্ষতিগ্রস্ত শ্রমিকেরই অভিযোগ রয়েছে- সরকার ও বিজিএমইএর ঘোষিত আর্থিক সহায়তা তারা এখনও পাননি।

কারখানাটিতে আগুন লাগার সময় সামনের গেট দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন শ্রমিকরা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বাইরে থেকে গেটটিতে তালা দেওয়ায় ভেতরেই আটকা পড়েন বিশাল সংখ্যক শ্রমিক। প্রাণে বাঁচতে সেদিন অনেককেই কারখানা থেকে লাফ দিতে হয়েছিলো।

এই ঘটনায় হওয়া মামলায় কারখানা মালিক দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলায় দায়িত্বে অবহেলায় মৃত্যুর অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মামলাগুলো ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এ মামলাটি বিচারাধীন।

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে দেলোয়ারকে কারাগারে পাঠিয়েছিলেন আদালত। ছয় মাস পর জামিন নিয়ে তিনি মুক্ত রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.