Thursday, August 20

ব্যরিস্টার হলেন জাইমা রহমান: বিএনপিতে উচ্ছ্বাস

0

খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান ব্যরিস্টার হয়েছে। আর এ খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে বিএনপি নেতা-কর্মীদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাইমাকে অভিনন্দন বার্তায় ভাসাচ্ছেন বিএনপির অনেকেই। মা ও বাবার সঙ্গে জাইমার একটি ছবি শেয়ার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারা।

জাইমা লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর সম্প্রতি যুক্তরাজ্যের ‘ইনার টেম্পল’ থেকে বার অ্যাট ল’ (লিঙ্কস ইন) করে ব্যরিস্টার খেতাব নেন। ব্যরিস্টার ডিগ্রি অর্জন করা জাইমা রহমান দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। জাইমার বাবা তারেক রহমান দেশে দুর্নীতির দুই মামলা ও ২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় কারাদণ্ড নিয়ে বিদেশে রয়েছেন। তার দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে কারাবন্দি।

জাইমার ব্যারিস্টার হওয়ার খবরে ফেইসবুকে তাকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী নিতাই রায় চৌধুরী লিখেছেন, ‘কনগ্র্যাচুলেশনস ব্যারিস্টার জাইমা রহমান ফর হার সাকসেস।’ দলটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন লিখেছেন, ‘সময় এগিয়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার দৌহিত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান আইন শাস্ত্রে নিজেকে যোগ্য করে তুলেছেন। এবং ইতোমধ্যেই বার-অ্যাট-ল অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশ ও মানুষের কল্যাণে উপযুক্ত সময়ের জন্য কবুল করুন এবং হেফাজতে রাখুন, এই দোয়া করছি।’

যুবদল ও ছাত্রদলের একাধিক নেতা জাইমাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন। তাদের অনেকেই জাইমাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ‘দলের ভবিষ্যত নেত্রী’ বলে উল্লেখ করেছেন।

খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে জাইমাকে দেখা যেত। ২০০৭ সালে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার তারেক পরের বছর জামিনে মুক্তি নিয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে লন্ডনে পাড়ি জমান, তারপর থেকে সেখানেই রয়েছেন। জাইমা এখনও রাজনীতির সঙ্গে যুক্ত হননি। তবে দলের নেতা কর্মীদের প্রত্যাশা, তিনিই একসময় দলের হাল ধরবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.