নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন অঞ্চল। এই আইনের অধীনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মুসলিমদেরকে বাদ দিয়ে শুধু ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়া হবে। এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে ভারতেই।
এমন অবস্থায় রোববার মহারাষ্ট্রের নাগপুরে ভারতের পরিবহনমন্ত্রী নিতিন গড়করি বলেছেন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মুসলিমদের জন্য বিশ্বের ১৫০টি ইসলামিক দেশ আছে। তাদের সামনে এসব দেশে চলে যাওয়ার সুযোগ আছে। কিন্তু এই তিনটি দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ভারতে গিয়ে আশ্রয় চাওয়া ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই। এ খবর দিয়েছে অনলাইন স্পুটনিক।
এতে আরো বলা হয়, নিতিন গড়কড়ির ওই র্যালি আয়োজন করে ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ও লোক অধিকার মঞ্চ সহ আরো কিছু সংগঠন।
ওই র্যালিতে তিনি বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুরা অনেক নৃশংসতা, হত্যা, ধর্ষণ ও তাদের সম্পদ লুটপাটের শিকারে পরিণত হন। এ দেশগুলোতে জোর করে ধর্মান্তরিত করা হয়। তারা ভারত ছাড়া যাবেন কোথায়?
ওদিকে জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের সমর্থনে এবং যারা পুলিশি অ্যাকশনের মুখে রয়েছেন তাদের সমর্থনে রোববার দক্ষিণ দিল্লিতে কয়েক ডজন মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তাদের হাতে ছিল প্লাকার্ড। মুখে ছিল স্লোগান। তা থেকে বিতর্কিত ওই আইন বাতিলের দাবি করা হয়েছে। জামিয়ার একদল শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেন। এক সপ্তাহ ধরে ভারতের রাজধানী দিল্লিতে এই আইনের বিরুদ্ধে বেশ কয়েক দফা বিক্ষোভ হয়েছে।