জাতীয় নাগরিকপঞ্জিকরণ মুসলিমদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে- অরুন্ধতী রায়

0

প্রতিবাদ করতে হলে প্রথমেই করুন, রুখে দাঁড়াতে হলে আগেই রুখে দাঁড়ান-এভাবেই নাগরিকত্ব ইস্যুতে ভারতের দেশের জনগণের প্রতি বার্তা দিলেন দেশটির প্রথিতযশা লেখিকা অরুন্ধতী রায়।
এনপিআর আসলে জাতীয় নাগরিক পঞ্জিকরণেরই (এনআরসি) তথ্যসংগ্রহ হিসেবে কাজ করবে, এমন অভিযোগ তুলে তিনি বলেন, প্রথমেই এর বিরোধিতা করুন, এনপিআর করতে দেবেন না, প্রয়োজনে এনপিআরের সময়ে ভুল তথ্য এবং ঠিকানা দিয়ে এর বিরোধিতা করুন।

বুধবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে অরুন্ধতী রায় দাবি করেন, জাতীয় নাগরিকপঞ্জিকরণ মুসলিমদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে।

তিনি বলেন, ওরা আপনার বাড়ি যাবে, আপনার নাম, ফোন নম্বর নেবে এবং আধার এবং ড্রাইভিং লাইসেন্সের মতো নথি দেখতে চাইবে এবং তারপর এনপিআর এনআরসি-র তথ্যসমগ্রে পরিণত হবে। ‘আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এর বিরুদ্ধে লড়াই করার জন্যে নির্দিষ্ট পরিকল্পনা করে এগোনো দরকার। যখন ওরা আপনার বাড়িতে এনপিআরের জন্য তথ্যসংগ্রহে যাবেন এবং আপনার নাম জিজ্ঞাসা করবেন, আপনি তখন ওদের কাছে ভুল নাম বলুন। এতে ভাল রকমের বিভ্রান্তি তৈরি করা যাবে। মনে রাখবেন আমরা এখানে লাঠিপেটা বা গুলি খাওয়ার জন্য জন্মগ্রহণ করিনি।‘

অরুন্ধতী রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করে বলেন, দিল্লিতে নিজের সভায় মিথ্যে বলেছেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, এনআরসি গোটা দেশে প্রয়োগ করার বিষয়ে কেন্দ্রীয় সরকার কখনও কিছু বলেনি এবং দেশে কোনো আটক শিবির নেই। তিনি জেনেশুনেই মিথ্যে বলেছেন কারণ তিনি জানেন যে তার মিথ্যে ধরা পড়বে।

তিনি অভিযোগ করেন, দেশে ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও সরকার এনআরসি এবং নাগরিকত্ব আইনের নিয়মকে এনপিআরের মাধ্যমে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

উত্তরপ্রদেশের পুলিশ মুসলিমদের উপর হামলা ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে অরুন্ধতী রায় বলেন, ‘উত্তরপ্রদেশে মুসলিমদের উপর হামলা চলছে। পুলিশ ঘরে ঘরে ঢুকে অবাধে লুটপাট চালাচ্ছে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.