Thursday, August 20

ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে নৌ-যোগাযোগ বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

0

ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে নৌ-যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের ওই সব দেশের সঙ্গে বাণিজ্য যোগাযোগ বাড়ানোর তাগিদও দিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার এ বিষয়ে খোঁজ-খবর নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেকেরও চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, উত্তরের দিকে যেসব দেশ আছে, যেমন- নেপাল, ভুটান, এমনকি ভারতের আসাম, সেসব অঞ্চলের সঙ্গে নৌপথে চলাচল আরও সহজ করা দরকার। ব্যবসা-বাণিজ্যে নৌপথের দিকেও নজর দিচ্ছে সরকার। বিশাল ব্রহ্মপুত্র নদের মাধ্যমে বাণিজ্য খুব সহজে করা সম্ভব। এ বিষয়ে খোঁজ-খবর নিতে বলেছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে নদী ড্রেজিংয়ের বিষয়ে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নদীতে ড্রেজিংয়ের কারণে পাড়ে ভাঙন দেখা দিচ্ছে। এই ভাঙন রোধে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া ক্ষতিকর এবং অবৈধ পণ্য যাতে দেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সব বন্দরে স্ক্যানার স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

একনেক সভায় ৪ হাজার ৪৬০ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদসহ বেশ কয়েকজন মন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.