জিহাদুল ইসলাম, ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে প্রতিবাদ সমাবেশ। ছাত্রলীগের ব্যানারে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ চলছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় সাধারণ শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করেছেন।
বেলা ১১টা থেকে শুরু হওয়া ছাত্রলীগের সমাবেশে এক হাজারের বেশি শিক্ষার্থী যোগ দিয়েছেন। সমাবেশ থেকে অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি উঠেছে।
এর আগে গতরাত পৌনে চারটার দিকে সংগঠনের সমাজসেবা সম্পাদক আখতার হোসনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মিছিল বের করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। সেখানে সংগঠনটির নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। আখতার হোসেন বলেন, এ ঘটনায় যাদের অবহেলা আছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সঙ্গে যে বর্বরতম ঘটনা ঘটেছে, তা বাংলাদেশের বিচারহীনতার কারণেই ঘটেছে। ধর্ষকদের বারবার ছাড় দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে মেনে নিতে পারি না। সেজন্য আমরা এখানে একত্রিত হয়েছি।
জানা যায়, গতকাল রোববার রাতে রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর গণধর্ষণের শিকার হন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢামেক হাসপাতালে যান।